৯ মাস পর কবর থেকে তোলা হলো নারীর লাশ | Daily AjKaler Kontho

৯ মাস পর কবর থেকে তোলা হলো নারীর লাশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২২, ৭:১৭ অপরাহ্ন
৯ মাস পর কবর থেকে তোলা হলো নারীর লাশ

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় দাফনের ৯ মাস পর কবর থেকে মনি আক্তার নামে এক নারীর লাশ উত্তোলন করেছে পুলিশ।
শনিবার দুপুরে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের আমতলা গ্রামের একটি কবরস্থান থেকে ঐ নারীর লাশটি উত্তোলন করা হয়। মৃত মনি আক্তার একই গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তিনি ঢাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার পাশাপাশি একটি হাসপাতালে কাজ করতেন।

কলমাকান্দা থানার ওসি মো. আব্দুল আহাদ খান এ তথ্য নিশ্চিত করে জানান, ২০২১ সালের নভেম্বরে ঢাকায় মারা যান মনি আক্তার। পরিবারের লোকজনের সন্দেহ হলে কিছুদিন পর তার মা বিলকিস বেগম বাদী হয়ে ঢাকায় আদালতে হত্যা মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে মামলাটির তদন্তের জন্য তার লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। স্থানীয় থানা পুলিশের সহায়তায় ঢাকা থেকে আসা পুলিশ লাশ উত্তোলন করে।

আজকালের কন্ঠ /রাকিব