রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই ছাত্রীকে উত্ত্যক্ত করায় শফিকুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন। এর আগে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়েটের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দুই শিক্ষার্থীর অভিযোগ, বুধবার সন্ধ্যায় চুয়েটের প্রধান ফটকের বাইরে এক রেস্টুরেন্টে নাশতা করছিলেন তারা। এ সময় পাশের টেবিলে বসে তাদের দিকে তাকিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেন ওই পুলিশ সদস্য।
এ ছাড়াও রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসার পরও তাদের উত্ত্যক্ত করার চেষ্টা করেন শফিকুল। পরে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে তাকে আটকে রাখেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম ও চুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক রেজাউল করিম। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, ‘চুয়েটের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে পুলিশ ক্যাম্পের এক সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
আজকালের কন্ঠ /আরর