Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৩, ২০২২ , ৫:২৩ অপরাহ্ণ

রাজধানীতে সাবেক অতিরিক্ত আইজিপির বাসা থেকে ৪৫ ভরি স্বর্ণ চুরি

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার মোজাম্মেলের ফাঁকা বাসার জানালার গ্রিল কেটে ৪৫ ভরি স্বর্ণ চুরি হয়েছে।

সোমবার (২২ আগস্ট) দিনগত রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের ২/এ ইস্টার্ন হাউজিংয়ের ষষ্ঠতলার বাসায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ সময় ৪০০ সিঙ্গাপুরের ডলার ও ১৫০ রিংগিতও চুরি হয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রায় ৪০ লাখ ৬৫ হাজার টাকার স্বর্ণ গহনা চুরি করে দুবৃত্তরা।

এ ঘটনায় রমনা থানায় দুটি মামলা করেছেন ভুক্তভোগী।

খন্দকার মোজাম্মেলের স্ত্রী মিতালি হোসেন গণমাধ্যমকে বলেন, সোমবার রাতে আমি ও আমার স্বামী ডুপ্লেক্স বাসার নিচে ঘুমাচ্ছিলাম। ওপরতলা ফাঁকা ছিল। সেখানে কেউ ছিল না। তবে দুজন গৃহপরিচারিকা ছিল বাসায়।সকালে ঘুম থেকে উঠে গৃহপরিচারিকা ওপরে যান। সেখানে গিয়ে দেখতে পান, ওপরের একটি রুম ভেতর থেকে লক করা। চাবি দিয়ে লক খুলে ভেতরে গিয়ে দেখি জানালার গ্রিল কাটা এবং আলমারি ভাঙা।লকারে ছিল গহনার বক্স। বক্সে প্রায় ৪৫ ভরি স্বর্ণ ছিল। তখন বুঝতে পেরেছি দুবৃত্তরা স্বর্ণ গহনা চুরি করে পালিয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার বায়েজীদুর রহমান জানান, সোমবার রাতে সাবেক অতিরিক্ত আইজিপির বাসার গ্রিল কেটে স্বর্ণ গহনা চুরির ঘটনা ঘটেছে।দুবৃত্তদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থল থেকে গ্রিল কাটার সরঞ্জাম জব্দ করা হয়েছে। সিআইডির একটি দল ওই বাসা থেকে চুরির আলামত জব্দ করেছে বলেও জানান তিনি।

আজকালের কন্ঠ /ইমান

প্রিন্ট করুন