মোঃ জয়নাল আবেদীন (আলীকদম) বান্দরবানঃ পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলায় এক রোহিঙ্গা নারীকে মৃত্যু সনদ প্রদানসহ ভোটার হতে সহযোগিতা করার অভিযোগের মামলায় দুই ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যান সহ ওয়ার্ড মেম্বারকে জামিন দিয়েছে আদালত।
রবিবার দুপুরে বান্দরবান জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক নুরুল হুদা এই জামিন আদেশ দেন। জামিন পাওয়া তিনজন হলেন, নয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কফিল উদ্দিন ও চৈক্ষ্যং ইউপি সাবেক চেয়ারম্যান ফেরদৌস রহমান এবং নয়াপাড়া ইউপি ২নং ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান। আদালতে আসামীর পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোহাম্মদ খলিলুর রহমান ও মোহাম্মদ আলমগীর।
এর আগে গত ৯ আগস্ট আলীকদম উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলাটি করেছিলেন। এই মামলার অন্য আসামীরা হলেন আহছাব উদ্দিন, মোহাম্মদ জামাল হোসেন, আয়েশা বেগম, মামলায় আসামীদের বিরুদ্ধে ধারা ৪২০/৩৪ কোড তৎসহ ২০০৯ এর ১৮ ধারা, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ এর ১৪ধারায় অভিযোগ আনা হয়।
মামলার বাদীর অভিযোগ আসামীরা পরষ্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদপত্র সংগ্রহ করে জাতীয় পরিচয়প্রাপ্তির লক্ষ্যে মিথ্যা তথ্য উপস্থাপন করে ভোটার হওয়ার জন্য আবেদন করার অপরাধ করেছেন।
৩নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান এম.কফিল উদ্দিন বলেন, কোন রোহিঙ্গা নাগরিককে জ্ঞাতসারে ভোটার করতে সহযোগিতা কিংবা প্রত্যয়ন দিইনি। আমি নির্বাচিত হওয়ার পূর্বে কথিত এ রোহিঙ্গা নাগরিক কে ২নং চৈক্ষ্যং ইউপি থেকে জন্ম সনদ এবং নয়াপাড়া ইউনিয়ন পরিষদ থেকে জাতীয়তা সনদপত্র প্রদান করেন সাবেক চেয়ারম্যান ফেরদৌস রহমান ও ফোগ্য মার্মা। আহছাব উদ্দিনের মায়ের মৃত্যু সংক্রান্ত একটি প্রত্যয়নপত্র দিয়েছেন নয়াপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান। সুতরাং পূর্বের ডকুমেন্টের ওপর ভিত্তি করে এবং ইউপি মেম্বারের প্রত্যয়নের পরই আমি সংশ্লিষ্ট প্রত্যয়নপত্র দিয়েছি বলে তিনি জানান।
আজকালের কন্ঠ /রাকিব