মোঃ জয়নাল আবেদীন আলীকদম বান্দরবান: পার্বত্য জেলা বান্দরবানে আলীকদম উপজেলায় ৩নং নয়াপাড়া ইউনিয়নে পোয়ামুহুরী কুরুকপাতা হয়ে মায়ানমার সিমান্ত বর্ড়ার ক্রস করে অবৈধ ভাবে চোরাই পথে আনা গরু ও মহিষ টাস্কফোর্স অভিযান পরিচালনার মাধ্যমে বিজিবি ও আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা মেহরুবা ইসলাম কর্তৃক চোরাচালানকৃত গরু ও মহিষ আটক করা হয়েছে।
গত ২৯ জুলাই শুক্রবার গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর আওতাধীন ৩নং নয়াপাড়া ইউনিয়নে শৈলকুঠি রিসোর্ট এর পিছনে বাচামৃত চরের মাঝ হতে নয়াপাড়া ৬নং ওয়ার্ড পর্যন্ত স্থানে কিছু চোরাকারবারী মায়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে বিপুল সংখ্যক গরু ও মহিষ নিয়ে এসে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্য, ম্যাজিষ্ট্রেট, পুলিশ এবং আনসার সদস্য নিয়ে গঠিত একটি টাস্কফোর্স দল ব্যাটালিয়ন সদর হতে ০২ কিঃ মিঃ দূরে নয়াপাড়া বাচামৃত চর নামক এলাকায় পৌঁছালে চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে গরু ও মহিষ রেখে দ্রুত পালিয়ে যায়।
টাস্কফোর্স দলের সদস্যগণ উক্ত ঘটনাস্থল থেকে চোরাচালানকৃত ৪৪টি ছোট, মাঝারি ও বড় গরু (১টি গরু অসুস্থ হওয়ায় তৎক্ষনাত জবাই করা হয়েছে) এবং ২৮টি ছোট, মাঝারি ও বড় মহিষ আটক করতে সক্ষম হয়।
আটককৃত গরু ও মহিষ এর আনুমানিক মূল্য – ১,০২,৯৫,০০০/- (এক কোটি দুই লক্ষ পচানব্বই হাজার) টাকা মাত্র। পরবর্তীতে আইনি কার্যক্রম এর জন্য আটককৃত গরু ও মহিষ গুলো ৫৭ বিজিবি ব্যাটালিয়ন সদরে আনা হয়। এ ব্যাপারে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেন বিজিবি প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।