ভোলা প্রতিনিধি : ভোলার দৌলতখান উপজেলার আজিপুর ইউনিয়ন দুই বছর আগে মেঘনা নদীতে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। নেই কোনো স্থলভাগ। এলাকাবাসী ও ভোটারও দেশের বিভিন্ন প্রান্তে ভাসমান অবস্থায় রয়েছেন। ওই ইউনিয়নের আজ ভোটগ্রহণ চলছে উপজেলা সদরের পৌরসভার ৭নং ওয়ার্ডের সরকারি বালক উচ্চ বিদ্যালয়কেন্দ্রে। একই কেন্দ্রেই হচ্ছে ৯টি ওয়ার্ডের কেন্দ্র।
ইভিএম পদ্ধতিতে সকালে ভোটার উপস্থিতি না থাকলেও রয়েছে ৪৫ জন পুলিশ ৬০ জন আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিশাল বহর।
সকালে ভোটগ্রহণের শুরুতে দুই মেম্বার প্রার্থীর গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে।
চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন বর্তমান চেয়ারম্যান হামিদুর রহমান টিপু ও আবি আবদুল্লাহ কিরণ পাটোয়ারী।
এ ছাড়া ওই উপজেলায় নির্বাচন হচ্ছে সৈয়দপুর ইউনিয়নে। ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে রয়েছেন ৯ জন। এ ছাড়া লালমোহন উপজেলার রমাগঞ্জ ও কালমা ইউনিয়ন পরিষদে নির্বাচন চলছে।