আজকালের কন্ঠ ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। পাশাপাশি সারাদেশে দেড় শতাধিক ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলায়ও ভোট হচ্ছে। এই নির্বাচনকে নতুন নির্বাচন কমিশনের (ইসি) ‘আস্থা অর্জনের অগ্নিপরীক্ষা’ বলা হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করা কাজী হাবিবুল আউয়াল কমিশনের জন্য এক রকম চ্যালেঞ্জই বলা চলে।
আজকের ভোট সুষ্ঠু ও প্রভাবমুক্ত হয় কিনা তা দেখতে মুখিয়ে আছেন কুমিল্লাসহ সারা দেশের মানুষ।
কারণ অনেকেই মনে করছেন, এ ভোট নতুন নির্বাচন কমিশনের (ইসি) জন্য আস্থা অর্জনের প্রথম পরীক্ষা। এরমধ্য দিয়ে ইসির গ্রহণযোগ্যতার প্রাথমিক মাপকাঠি অনেকাংশে নির্ভর করছে।
ফলে দেশের সবারই চোখ এখন কুমিল্লায়। আর সেই কোটি চোখের দৃষ্টি যেন শ্যেন না হয়ে ওঠে, সেজন্য কুমিল্লায় ইভিএমের মাধ্যমেও সুষ্ঠু ভোট আয়োজনে এই প্রথম ক্যামেরার চোখ বসিয়েছে ইসি। সাড়ে আটশর মতো সিসি ক্যামেরা বসানো হয়েছে সাড়ে ছয়শ’ ভোটকক্ষে।
নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার চার মাসের মধ্যে আজ প্রথম ভোট হতে যাচ্ছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের সঙ্গে পাঁচ পৌরসভা, ১৩০টি ইউপি ও এক উপজেলায় নির্বাচন হচ্ছে। তবে প্রচারে সামনে রয়েছে বড় অর্থাৎ কুমিল্লার নির্বাচনই। সব দলের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করে যাওয়া ইসির জন্য এই নির্বাচনকে বড় সুযোগ হিসেবে দেখছেন ভোট পর্যবেক্ষকরাও। যার প্রভাব পড়বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে।