Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৯, ২০২০ , ৪:০৬ অপরাহ্ণ

দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত, আরো ৮ মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৬৩ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৬৪১ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা এখন পর্যন্ত একদিনের পরিসংখ্যানে রেকর্ড। এ নিয়ে সারাদেশে মোট ৭১০৩ জন করোনা রোগী শনাক্ত হলো।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ২৫টি প্রতিষ্ঠানে ৪ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো ৬৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১০৩ জনে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লাখ ১৮ হাজার ১৩৯। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩১ লাখ ৪৬ হাজার ২০০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখ ৬১ হাজার ৭৮৫ জন।

প্রিন্ট করুন