Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:০৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৬, ২০২০ , ১২:৩৯ অপরাহ্ণ

করোনায় দুদক পরিচালকের মৃত্যু, পরিবারের সদস্যরাও হাসপাতালে ভর্তি

লেখকঃ আজকালের কণ্ঠ

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান মারা গেছেন। প্রাণঘাতি করোনায় দেশে এটাই প্রথম কোনও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যুর ঘটনা।

জানা গেছে, তিনি ২৭ দিন ধরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

সোমবার (৬ এপ্রিল) ভোরে রাজধানীর উত্তরায় কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কুয়েত মৈত্রী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলীমুজ্জামান করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালের এই কর্মকর্তা আরও বলেন, ‘দুদক পরিচালকের পরিবারের আরও কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন।’

জালাল সাইফুর রহমান প্রশাসন ক্যাডারের ২২ তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। দুদকের এ পরিচালক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে আসীন ছিলেন। ২০১৭ সালের জুলাই মাসে তাকের দুদকের পরিচালক হিসেবে স্থানান্তরিত করা হয়।

তার গ্রামের বাড়ি ফেনী জেলায়। একমাত্র ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তার স্ত্রী-সন্তানরাও হাসপাতালে আইসোলেশনে আছেন।

কুয়েত মৈত্রী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলীমুজ্জামান বলেন, ‘দুদকের এই পরিচালকের অবস্থার অবনতি হওয়ায় গত চার দিন তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। আজ সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।’

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। গতকাল রবিবার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জানায়, দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৮৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ৯ জন। সুস্থ হয়েছেন ৩৩ জন।

প্রিন্ট করুন