Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১, ২০২০ , ১১:৪৬ পূর্বাহ্ণ

গেন্ডারিয়ায় ২ প্রার্থীর সমর্থকদের ইট-পাটকেল নিক্ষেপ

লেখকঃ আজকালের কণ্ঠ

পুরান ঢাকায় গেন্ডারিয়া থানার সামনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৬ নম্বর ওয়ার্ডে মর্তুজা জামালের সমর্থকদের দাবি, প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী শহীদউল্লাহ বেনুর লোকজন মিলবারেক পুলিশ লাইনের বিপিন রায় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ভোটারদের জন্য জামালের লোকজনের টেবিল-চেয়ার ভাঙচুর করে।

এই ঘটনার জের ধরে উত্তেজনার এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

ঘটনায় আহত স্বতন্ত্র প্রার্থীর কর্মী জামালের সমর্থক তন্ময় বলেন, মিনুর লোকজন টেবিল ভাঙচুর করে আমাদের লোকজনকে মারধর করে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। সাধারণ ভোটারদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে আসে এবং তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে দুইপক্ষের আহতদের সংখ্যা জানা যায়নি।

প্রিন্ট করুন