আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ | Daily AjKaler Kontho

আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১, ২০১৯, ১০:০৭ পূর্বাহ্ন
আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ

আজকালের কন্ঠ ডেস্ক : শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক কাজী শরিফুল আলম।

গত সোমবার থেকে শিক্ষার্থীদের অব্যাহত আন্দোলনের মুখে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পদত্যাগ করেছেন তিনি।বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দফতর থেকে এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

আহছানউল্লা বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ড. মো. আমানুল্লাহ ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগে তার পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ভবনে তালা ঝুলিয়ে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেন তারা।

শিক্ষার্থীদের অন্য দাবির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের অন্যান্য দাবি নিয়মিত উপাচার্য যোগদানের পরে বিবেচনা করার জন্য পেশ করা হবে।’

রাষ্ট্রপতির নিয়োগ দেয়া উপাচার্য, উপ উপাচার্য ও কোষাধ্যক্ষ ছাড়াই রোববার সমাবর্তন আয়োজন করলেও আগের দিন শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপে সেটি স্থগিত করা হয়েছিল।

তবে শিক্ষার্থীরা বলছেন, শুধু উপাচার্য পদত্যাগ করলেই হবে না। তাদের বাকি দাবিগুলোর বিষয়ে আগামী মঙ্গলবারের মধ্যে তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বসতে হবে। অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনে যাবেন।

আজকালের কন্ঠ /এমএম