Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৬, ২০২২ , ৮:৩৬ অপরাহ্ণ

ঈদের ছুটিতে সৈকতে লাখো পর্যটক

লেখকঃ আজকালের কণ্ঠ

ঈদের ছুটি কাটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার সমুদ্রসৈকতে ছুটে এসেছেন পর্যটকরা। শুক্রবার (৬ মে) চার কিলোমিটার সৈকত জুড়ে নেমেছেন অন্তত দুই লাখ পর্যটক।

মঙ্গলবার (৩ মে) ঈদের দিন থেকে আজ পর্যন্ত প্রায় পাঁচ লাখ পর্যটক সৈকতে এসেছেন। তারা আনন্দে মেতেছেন সৈকতের নোনাজলে। তীব্র গরমও ভ্রমণপিপাসু এসব মানুষের আনন্দে বাধ সাধতে পারেনি।

এদিকে পর্যটকের আগমনে দারুণ খুশি সৈকতের হকাররা।

সরেজমিনে দেখা যায়, সাগরের ঢেউ আছড়ে পড়ছে কূলে। আর সেই ঢেউয়ে মেতে উঠছেন শিশু, নারী ও পুরুষরা। সৈকতের সব কটি পয়েন্টে পরিবার-পরিজন বা প্রিয়জনকে সঙ্গে নিয়ে দলে দলে পানিতে নামছেন তারা।

পর্যটক সাইফ আহমেদ বলেন, ঈদের ছুটিতে পরিবার নিয়ে কক্সবাজার ছুটে আসি। দুদিন এখানে ঘুরেফিরে আবারও ঢাকায় ফিরব। ঈদের ছুটিতে পরিবারকে সময় দেওয়াটাই মূল উদ্দেশ্য।

আরেক পর্যটক মুস্তাকিম বলেন, তীব্র গরম পড়ছে। তার মাঝেও কক্সবাজার সৈকতে ঘুরে বেশ মজা পাচ্ছি। কিছুক্ষণ নোনাপানিতে গোসল করছি, আবার বালিয়াড়িতে উঠে বালি নিয়ে খেলা করছি। ছুটিটা বেশ উপভোগ করছি এখানে এসে।

চাকরিজীবী তরিকুল ইসলাম বলেন, সব সময় কর্মব্যস্ত থাকতে থাকতে ইট-পাথরের দালানে আর ভালো লাগছিল না। এজন্য ঈদের ছুটিতে সৈকতে ছুটে আসা। এখানে মুক্ত আকাশ, বিশাল সৈকত ও নীল জলরাশি, সব মিলিয়ে অনেক ভালো লাগছে।

পর্যটক আগমনে সৈকতে চাঙা হয় পর্যটন ব্যবসা। এবারের ঈদুল ফিতরের বিপুলসংখ্যক পর্যটক ছুটে আসায় দারুণ খুশি সৈকতের ব্যবসায়ীরা। বিশেষ করে ওয়াটার বাইক, ফটোগ্রাফার, কিটকট ব্যবসায়ী ও হকাররা ব্যস্ত সময় পার করছেন।

প্রিন্ট করুন