Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৫, ২০২২ , ১০:২৯ অপরাহ্ণ

ঈদের তৃতীয় দিনেও চিড়িয়াখানায় উপচেপড়া ভিড়

লেখকঃ আজকালের কণ্ঠ

ঈদের তৃতীয় দিনেও রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় উপচেপড়া ভিড় দেখা গেছে। ঈদের ছুটিতে যারা ঢাকায় ছিলেন তারা আজও ঘুরতে এসেছেন। এছাড়াও ঢাকা আশপাশের জেলা থেকে এসেছেন অনেকেই।

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে সরেজমিনে দেখা গেছে, মিরপুর-১ নম্বর থেকে চিড়িয়াখানাগামী রাস্তায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। ভিড় সামলাতে ডান পাশের টিকিট কাউন্টারের পাশাপাশি বাম পাশে পার্কিংয়ে বসানো হয়েছে অস্থায়ী একাধিক টিকিট কাউন্টার। এছাড়া মূল গেটের বাম পাশে তিনটি প্রবেশমুখ বসানো হয়েছে।

সকাল থেকেই প্রিয় মানুষদেরকে সঙ্গে নিয়ে দর্শনার্থীরা চিড়িয়াখানায় এসেছেন। বানর, ভাল্লুক, বাঘ, সিংহ, হাতি, জিরাফ, জেব্রা, হরিণ, সাদা হিংস, উটসহ বেশ কয়েকটি সেডের সামনে উৎসুক মানুষজনের ভিড় ছিল। তাদের কেউ কেউ অতি উৎসাহী হয়ে প্রাণিদের খাবার দিচ্ছেন।

আশুলিয়া থেকে জিরাপ আর সিংহ দেখতে বাবা ও মায়ের সঙ্গে এসেছেন শিশু তাবাসসুম-সোহানা। তাদের বাবা রায়হান বলেন, চিড়িয়াখানায় আরও একবার এসেছিলো তারা। ওদিন বেশি সময় দেখতে পারিনি। তাই জিরাপ-সিংহ দেখার পর পুরো চিড়িয়াখানা ঘুরে দেখাবো।

পরিবারের সদস্যদের নিয়ে গাজীপুরের টঙ্গী থেকে চিড়িয়াখানায় এসেছেন রিপন আহমেদ। তিনি বলেন, ঈদুল ফিতরে এবার বাড়ি যাওয়া হয়নি। আত্মীয়দের অনেকেও গ্রামের বাড়িতে গেছে। তাই পরিবার নিয়ে চিড়িয়াখানায় এসেছি। চিড়িয়াখানা আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে।

পুরানা পল্টন থেকে স্ত্রী আর সন্তানদের নিয়ে এসেছেন তানভীর আহমেদ। তিনি বলেন, ছুটিতে সময় কাটানোর জন্য চিড়িয়াখানায় এসেছি। এখানে পশুগুলো দেখলে মন ভালো হয়ে যায়। চিড়িয়াখানার পরিবেশ আগের চেয়ে অনেক ভাল। পরিস্কার-পরিচ্ছন্নতার দিকে নজর দিয়েছেন কর্তৃপক্ষ।

জাতীয় চিড়িয়াখানার এক কর্মকর্তা বলেন, মঙ্গলবার ঈদের দিন দর্শনার্থীও হয়েছে ২৮ হাজার। বর্তমানে প্রতিটি টিকিটের মূল্য নেয়া হচ্ছে ৫০ টাকা। এই খাত থেকে ঈদের দিনে ১৪ লাখ টাকার বেশি আয় হয়েছে। আজ আবহাওয়া ভালো থাকলে দর্শনার্থী আসবে ৪০ থেকে ৫০ হাজার।

তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে চিড়িয়াখানায় সাত ভাগে ভাগ হয়ে ৬৪ জন কাজ করছেন। দর্শনার্থীদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনী।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর (ভারপ্রাপ্ত পরিচালক) মো. মজিবুর রহমান বলেন, ঈদের দিন কিছুটা কম হলেও আজসহ সামনের কয়েকদিন দর্শনার্থী আরও বাড়বে।

প্রিন্ট করুন