Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩০, ২০২২ , ৭:৫৩ অপরাহ্ণ

জায়েদের এত বড় সাহস, আমার কাছে টাকা দিয়ে ভোট কিনবে?: মুনমুন

লেখকঃ আজকালের কণ্ঠ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ উঠে যে, টাকা দিয়ে ভোট কিনছে জায়েদ। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় চিত্রনায়িকা মুনমুনের হাতে একটি কাগজ ধরিয়ে দিচ্ছেন জায়েদ খান। দুজন অনেক্ষণ ধরে কথা বলেন। এমন সময় মুনমুনের কানে কানে কিছু একটা বলেন। আর মুনমুনও হাতের ব্যাগ খুলে ভেতরে কিছু একটা রাখেন।

এই ভিডিও দেখে অনেকেই নির্বাচনের দিন অভিনেত্রী নিপুণের আনা অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছেন। নিপুণ জানিয়েছিলেন, জায়েদ চাদরের নিচ দিয়ে টাকা দিয়ে ভোট কিনছেন।

শনিবার দুপুরে এ বিষয়ে কথা বলতে ফেসবুক লাইভে হাজির হয়েছেন চিত্রনায়িকা মুনমুন। তিনি বলেন, ‘আমি দুই টাকার শিল্পী নই যে আমার কাছে জায়েদ খান ভোট কিনতে আসবে। জায়েদ আমার ছোট ভাই, সে আমার কাছে টাকা দিয়ে ভোট কিনবে! ওর এতো বড় সাহস হবে? রাস্তার মধ্যে টাকা দিয়ে আমাকে কিনবে, আর আমি সেই টাকার বিনিময়ে তাকে ভোট দিব! আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে।’

লাইভে তিনি এই অপপ্রচার থামানোর অনুরোধ জানিয়েছেন সবার কাছে। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওর প্রতিবাদ করে মুনমুন বলেছেন, ‘আমি কালো জামা পরে এফডিসি গিয়েছিলাম। আমার হাতে ছিল কালো রঙের মাস্ক। জায়েদ আমার হাতে একটা পেপার দিয়েছিল। আমি সেটা দেখছিলাম। আর আমার হাতে যে কালো রঙের মাস্কটা ছিল সেটা আমি ব্যাগের চেইন খুলে ভেতরে রেখেছি। ও পেপারটা ধরে বললো, আপা এবার কিন্তু টিক চিহ্ন নাই এবার ছাপ দিতে হবে। আর এটাকেই বলা হচ্ছে আমি নাকি টাকা নিয়ে ভোট দিয়েছি।’

মুনমুন আরো বলেন, ‘মালেক আফসারী ভাইও আমাকে জিজ্ঞেস করেছে, কানে কানে আপনাকে কি বললো জায়েদ? আমাকে কানে কানে জায়েদ বলেছে, ফুল প্যানেলে ভোট দিতে।’

প্রিন্ট করুন