Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২, ২০২১ , ৮:৪৩ অপরাহ্ণ

গণপরিবহন চালুর বিষয়ে যে সিদ্ধান্ত আসছে!

লেখকঃ আজকালের কণ্ঠ

বিদ্যমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি এবং স্বাস্থ্য অধিদফতরের সুপারিশের পরিপ্রেক্ষিতে চলমান বিধিনিষেধ আরো বাড়ানো হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চলমান বিধিনিষেধ শেষ হলে নতুন করে যে বিধিনিষেধ আরোপ করা হবে তাতে গণপরিবহন সীমিত পরিসরে খুলে দেওয়া হতে পারে। এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সীমিত পরিসরে খুলবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনলাইনে আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে সরকারি সূত্র। আজ সোমবার এ সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সভা অনুষ্ঠিত হতে পারে।

সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী, ১৬ জন সচিব, পুলিশ মহাপরিদর্শক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন।

সভায় করোনাভাইরাস পরিস্থিতি এবং স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে করণীয় নির্ধারণ করে প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হবে। বৈঠকে কিছু শর্ত শিথিল করে বিধি-নিষেধ আরেক দফা বাড়ানো হতে পারে।

প্রিন্ট করুন