নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার ২২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার কারখানার ভেতর থেকে ৪৯টি মরদেহ বের করে ফায়ার সার্ভিসের ৫টি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে। ভেতরে আরো মরদেহ আছে কিনা তা খোঁজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
মর্মান্তিক এ মৃত্যুতে দীর্ঘ সময়ে আগুনে পুড়ে নিহতদের দেহের শুধুমাত্র হাড় ও কঙ্কাল ছাড়া বাকি সব পুড়ে গেছে। লাশগুলো উদ্ধার করতে গিয়ে আঁতকে উঠেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। অনেকেও কেঁদেছেন এ লাশ দেখে। কারখানার ভেতর থেকেই লাশগুলো ব্যাগে করে বের করা হয়। বাইরেও কাউকে দেখতে দেয়া হয়নি লাশের এ চিত্র।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত বলেন, ইতোমধ্যে ৪৯টি মরদেহ ফায়ার সার্ভিসের ৫টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। সেখানে পরিচয় শনাক্তের পর লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যায়। ২২ ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও কোথাও আগুন আছে কিনা দেখা হচ্ছে। সেইসঙ্গে ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে।
পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি:
এই অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম বেপারীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন রূপগঞ্জের ইউএনও শাহ নুসরাত জাহান, নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন, পুলিশের একজন প্রতিনিধি এবং কলকারখানা অধিদপ্তরের জেলার একজন কর্মকর্তা।
স্বজনদের ঢাকা মেডিকেলে যোগাযোগের অনুরোধ:
স্বজনদের ঢাকা মেডিকেলে যোগাযোগ করার অনুরোধ জানিয়ে ফায়ার সার্ভিসের ডিরেক্টর অব অপারেশন লে. কর্ণেল জিল্লুর রহমান বলেন, যাদের স্বজনদের খোঁজ পাচ্ছেন না তাদের কাছে অনুরোধ, আপনারা ঢাকা মেডিকেলে যোগাযোগ করবেন। জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এটি আমাদের অনুরোধ। সেখানে আমাদের জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ সকলের প্রতিনিধি থাকবে। সেখানে আমাদের আনুসাঙ্গিক নিয়মাবলী পালন শেষে লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হবে।
তিনি আরও বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আমাদের কাজ শুরু হয়। এখনো আমাদের কাজ চলছে। রাত সাড়ে ১২টার মধ্যে আমরা আগুন কমিয়ে আনি। পরে আবার বেড়ে যায়। এখানে গোডাউন ছিল এবং প্রতিটি ফ্লোরে কাঁচামালে বোঝাই ছিল। আমরা এখন পর্যন্ত ৪৯টি লাশ উদ্ধার করেছি।
জিল্লুর রহমান বলেন, ভেতরে অনেক জটলা থাকায় আটকে পড়ারা দ্রুত বের হতে পারেননি। এক্সিটের দিকে আগুন থাকায় কেউ বের হতে পারেনি। ২৫ জনকে আমরা জীবিত উদ্ধার করি এবং যারা মারা গেছে তাদের এক্সিটে আগুন থাকায় কেউ ছাদেও যেতে পারেনি, নামতেও পারেনি। ৫ তলা ৬ তলায় আমাদের তল্লাশি চলমান রয়েছে। সেখানে লাশ থাকতেও পারে।
অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন:
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম বলেছেন, আইজিপির নির্দেশনায় আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। কারখানার বিরুদ্ধে যে এত অভিযোগ, এগুলো এতদিন আমাদের এখানে আসেনি। এখন এসেছি, আমরা সে অনুযায়ী কাজ করে যাচ্ছি। ঘটনাটি খতিয়ে দেখা হবে এবং যদি অন্য কোনো বিষয় থাকে সেটিও খতিয়ে দেখা হবে। এ ঘটনায় মামলা হবে, মামলা প্রক্রিয়াধীন আছে।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা যা বলছেন:
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, কর্ণগোপ এলাকায় সেজান জুস কারখানায় প্রায় সাত হাজার শ্রমিক কাজ করেন। ৭ তলা ভবনে থাকা কারখানাটির নিচতলার একটি ফ্লোরের কার্টন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ সময় কালো ধোয়ায় কারখানাটি অন্ধকার হয়ে যায়। এক পর্যায়ে শ্রমিকরা ছোটাছুটি করতে শুরু করে। কেউ কেউ ভবনের ছাদে অবস্থান নেন। আবার কেউ কেউ ছাদ থেকে লাফিয়ে পড়তে শুরু করেন। অনেকেই ছাদ থেকে লাফিয়ে পড়ে বাঁচার চেষ্টা করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।