ধর্মীয় মূল্যবোধ ও জনস্বাস্থ্য বিবেচনায় মক্কা-মদিনার আদলে কোরবানি ব্যবস্থাপনা চালু করতে সরকারকে পরামর্শ দিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএ।
সোমবার পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএ – এর যৌথ উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় সংগঠন দুটি এই পরামর্শ দেয়। ‘মক্কা-মদিনার আদলে কোরবানি ব্যবস্থাপনা’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।
পশু পরিবহন ব্যবস্থাপনাকে সহজতর করার আহ্বান জানিয়ে সরকারকে উদ্দেশ্য করে সভায় বক্তারা বলেন, পশু ক্রয়, জবাই ও মাংস বিতরণ প্রক্রিয়ায় সমন্বয় করতে কোরবানি ব্যবস্থাপনাকে ক্রমশ পবিত্র মক্কানগরীর আদলে গড়ে তোলার লক্ষ্যে আমাদের ধাপে ধাপে অগ্রসর হতে হবে। এই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এখনি কোরবানি ব্যবস্থাপনা পরিকল্পনা করে ব্যাপকভাবে প্রচার করা প্রয়োজন বলেও মন্তব্য করেন বক্তারা।
সভায় বক্তারা কয়েকটি সুপারিশ তুলে ধরেন। সেগুলো হলো- ধর্মীয় মূল্যবোধ বিবেচনায় রেখে করোনা সংক্রমণ রোধে কঠোর নিয়ম মেনে কোরবানি ব্যবস্থাপনা করতে হবে। প্রত্যেক এলাকার মসজিদের ইমাম, সরকারি-বেসরকারি কর্মী, স্বেচ্ছাসেবক, সমাজকর্মীদের সহযোগিতায় কোরবানির এক সপ্তাহ আগে থেকেই কোরবানি করা, মাংস বন্টন, বর্জ্য নিষ্কাশন বিষয়ে সচেতন করতে ব্যাপক প্রচারণায় অংশ নিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
এছাড়া কোরবানির পশু পরিবহন ব্যবস্থাপনাকে সহজতর করতে হবে, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেই পশুর হাট ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, কোরবানির পশু কেনাবেচা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম যতটা সম্ভব অনলাইনভিত্তিক করতে উৎসাহিত করতে হবে, সমাজের প্রত্যেককে ধর্মীয় মূল্যবোধ রক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন করতে হবে, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার বর্জ্য ও পৌর বর্জ্য ব্যবস্থাপনা সর্ম্পকিত আইন ও বিধিমালার কার্যকর প্রয়োগ করতে হবে, মক্কা মদিনার আদলে কোরবানি করা ও বর্জ্য ব্যবস্থাপনায় জন সচেতনতা এবং জনদায়িত্ববোধের সৃষ্টি করার জন্য সরকারি উদ্যোগে আলেম-ওলামাদেরকে এই কাজে সংযুক্ত করতে হবে।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে ও গ্রিণফোর্স সমন্বয়ক মেসবাহ সুমনের সঞ্চালনায় সভায় পবার সাধারণ সম্পাদক ও পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ আবদুস সোবহান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আহমেদ আবুল কালাম, সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএ-এর পরিচালক মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।