Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:০৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৭, ২০২১ , ১:৫২ অপরাহ্ণ

ভারি বৃষ্টি আরও তিন দিন, সমুদ্রে ৩ নম্বর সংকেত বহাল

লেখকঃ আজকালের কণ্ঠ

এবার ঝুম বৃষ্টি নিয়েই প্রকৃতিতে পদার্পণ করেছে আষাঢ়। মৌসুমি বায়ুর (দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রচুর জলীয়বাষ্প নিয়ে আসা বাতাস) সক্রিয়তায় আরও তিন দিন উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টিসহ সারাদেশেই বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (১৭ জুন) বর্ষা ঋতুর প্রথম মাস আষাঢ়ের ৩ তারিখ। দুদিন ধরে সারাদেশেই বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার আকাশের মুখ ভারী। মেঘে মেঘে ছেয়ে আছে আকাশ।

বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জাগো নিউজকে বলেন, ‘এখন বর্ষাকাল, এই সময়ে মৌসুমি বায়ু অনেক সময় মাঝারি ধরনের সক্রিয় থাকে, কখনো কখনো কম সক্রিয় থাকে। এখন মৌসুমি বায়ু মাঝারি ধরনের সক্রিয় অবস্থায় আছে। এর প্রভাবেই সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। তবে বৃষ্টিপাতের এই প্রবণতা আরও তিন দিন পর কিছুটা কমে যাবে।

তিনি বলেন, ‘বুধবার অতিভারি বৃষ্টিপাতের যে সতর্কবার্তা জারি করা ছিল সেটা হয়তো আজ ওভাবে থাকবে না। তবে ভারি বৃষ্টি থাকবে।’

বুধবার সমুদ্রবন্দরগুলোতে জারি করা ৩ নম্বর সতর্ক সংকেত বৃহস্পতিবারও বহাল থাকবে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, ‘উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য আছে। এর সঙ্গে বজ্রমেঘও তৈরি অব্যাহত আছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থায়ী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে বলেও জানান নাজমুল হক।

প্রিন্ট করুন