আজকালের কণ্ঠ ডেস্ক : প্রধান কোচ রাসেল ডমিঙ্গো চলে এসেছেন। এসে গেছেন পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট। ছুটি শেষে কাল সকালে ঢাকায় এসে পৌঁছেছেন ফিল্ডিং কোচ রায়ান কুকও। আর ট্রেনার মারিও ভিল্লাভারায়ানের অধীনে ২৪ ক্রিকেটার কন্ডিশনিং ক্যাম্প তো শুরু করে দিয়েছেন ১৯ আগস্ট থেকেই। এত দিনে তবু কোথায় যেন একটা অপূর্ণতা থেকে গেছে। কদিন পর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট। বাংলাদেশ টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানই যে কন্ডিশনিং ক্যাম্পে নেই।
বিশ্বকাপ রাঙিয়ে লম্বা একটা ছুটি নিয়েছিলেন সাকিব। শ্রীলঙ্কা সফরে যাননি সে কারণেই। ছুটির পর গেছেন পবিত্র হজ পালন করতে। সেখান থেকে ফিরে কদিন দেশে কাটিয়ে সাকিব পরিবারকে সময় দিতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। কাল রাত তিনটার দিকে তাঁর ঢাকায় এসে পৌঁছার কথা। দেশে ফিরেই আজ কন্ডিশনিং ক্যাম্পে বিশ্বসেরা অলরাউন্ডারের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, ‘আজ (কাল) রাতে সাকিব ফিরছে। কাল সে (আজ) দলে যোগ দেবে। অধিনায়ক, নির্বাচক ও প্রধান কোচকে নিয়ে কাল (আজ) আমরা বসব।’