Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৬, ২০২১ , ৪:৪৮ অপরাহ্ণ

‘দেড় লাখের ফ্রিজ দিচ্ছে ৭৫ হাজার টাকায়, পালাবে ই-কমার্স’

লেখকঃ আজকালের কণ্ঠ

‘অনলাইন ব্যবসা নিয়ে আমরা উদ্বিগ্ন। এটা নিয়ে সভায় আলোচনা হয়েছে। আমরা লক্ষ্য করেছি, একটা ফ্রিজের দাম দেড় লাখ টাকা কিন্তু অফার দেওয়া হচ্ছে ৮০ হাজার কিংবা ৭৫ হাজারে। হয়তো ১০ বা ২০ জনকে দেয়া হয়। ৫০০ মানুষ আবেদন করবে, তাদের বলবে অমুক দিন দেবো। আমরা আশঙ্কা করছি হয়তো সে (ই-কমার্স কোম্পানি) গা ঢাকা দেবে। যেটা যুবক করেছে।’

বুধবার (২ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ষষ্ঠ সভায় এমন মন্তব্য করেছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

‘বিষয়টি আইন দিয়ে নিয়ন্ত্রণের জন্য আমরা আইন মন্ত্রণালয়কে বলেছি, একই সঙ্গে পুলিশ বাহিনীকেও দায়িত্ব দেওয়া হয়েছে। এমন অস্বাভাবিক কথা যারা বলে তারা কারা, তাদের সুনির্দিষ্ট ডাটা রাখা, তারা যাতে টাকা আত্মসাৎ করে পালিয়ে যেতে না পারে। অগ্রিম সতর্ক থাকার জন্য বলা হয়েছে। তারা যাতে দেশ ছেড়ে যেতে না পারে।’

তিনি আরও বলেন, অনেকে ২০ শতাংশ হারে সুদ দেওয়ার কথা বলে। এরাও হয়তো ২০০ বা ৩০০ মানুষকে দেবে। বাকিটা নিয়ে গা ঢাকা দেবে— আমরা এটা আশঙ্কা করছি। এ ধরনের অস্বাভাবিক কথা যারা বলে, যারা বিজ্ঞাপন দেয়, পুলিশ যেন তাদের নজরদারিতে আনে। আমরা সরকারি রেডিও-টেলিভিশনের মাধ্যমে এ বিষয়ে জনগণকেও সতর্ক করতে চাচ্ছি, এসব ফাঁদে পা দেবেন না।’

প্রিন্ট করুন