Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৩১, ২০২১ , ১:৪৭ অপরাহ্ণ

রাজধানীতে এক পশলা বৃষ্টি

লেখকঃ আজকালের কণ্ঠ

সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন আকাশ, ছিল কিছুটা মেঘ। এর মাঝে বেলা গড়াতেই রাজধানীর বুকে এক পশলা বৃষ্টি। প্রায় আধাঘণ্টা ব্যাপী বৃষ্টিতে শীতল হয়েছে প্রকৃতি। সাতসকালের এ বৃষ্টি স্বস্তির মনে হলেও অফিসগামী বা জরুরী প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষের কাছে ভোগান্তির কারণ হয়েছে।

সোমবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। সপ্তাহের মাঝামাঝি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত এগিয়ে আসতে পারে।

এদিকে চাঁদপুর, ফেনী, মাইজদী কোর্ট, মৌলভীবাজার ও খুলনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে এবং তা প্রশমিত হতে পারে।

রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইজদী কোর্ট ও ফেনীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

প্রিন্ট করুন