ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশে আগমনের প্রতিবাদে হাটহাজারী থানা ঘেরাও করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এসময় পুলিশের গুলিতে ৫ মাদ্রাসা শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২৬ মার্চ) জুমা নামাজের পর এ ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকার বায়তুল মোকাররমে মোদী বিরোধী মিছিলে পুলিশ ছাত্রলীগের হামলার প্রতিবাদে দুপুর আড়াইটার দিকে হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। তারা মিছিল নিয়ে হাটহাজারী মডেল থানা ভাঙচুর চালায়। এসময় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে। এতে অন্তত ৫ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়।
সংঘর্ষে হাটহাজারী-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে আজ ঢাকায় এসেছেন। শুক্রবার (২৬ মার্চ) সকাল ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মহান স্বাধীনতা এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এই সফরে এসেছেন নরেন্দ্র মোদি।