Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ২৯, ২০২৬ , ১২:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৯, ২০২৬ , ১২:০৯ অপরাহ্ণ

পূর্বধলায় যুবলীগের বিরুদ্ধে যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

লেখকঃ মোঃ কামরান হোসেন, পূর্বধলা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী আবু বক্কর রানাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৮নং বিশকাকুনি ইউনিয়নের বাদে পুটিকা বাজারে আবু বক্কর রানার ব্যক্তিগত কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

আহত আবু বক্কর রানা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি আসন্ন বিশকাকুনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বাদে পুটিকা বাজারে নিজের ব্যক্তিগত কার্যালয়ে অবস্থান করছিলেন আবু বক্কর রানা। এ সময় তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর বাম হাতের তালু ও ডান কাঁধে গুরুতর জখম করে বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাইশা জানান, আবু বক্কর রানার পিঠ ও হাতে গুরুতর জখম রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ বাবুল আলম তালুকদার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি হামলার সঙ্গে জড়িত হিসেবে অভিযুক্ত যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিক ও তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

এদিকে, আবু বক্কর রানার ওপর হামলার ঘটনার পর শনিবার রাতে যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিক ও ছাত্রলীগ নেতাদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে কারা, কী কারণে এ অগ্নিসংযোগ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রিন্ট করুন