Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ২৯, ২০২৬ , ৯:১৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৮, ২০২৬ , ৬:৪৩ অপরাহ্ণ

রাণীনগরে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার

লেখকঃ মোঃ আরাফাত আলী:

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের রাণীনগর-আবাদপুকুর মহাসড়কের হাতিরপুল এলাকার একটি জঙ্গল থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হাতিরপুল এলাকার সড়কের পাশে জঙ্গলে ককটেল পড়ে আছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫ নাটোর ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) পলাশ চন্দ্রের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় লাল রঙের টেপে মোড়ানো ১০টি ককটেল উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দ তালিকা তৈরি করে ককটেলগুলো রাণীনগর থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, উদ্ধার হওয়া ককটেলগুলো থানায় জমা রাখা হয়েছে এবং এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ককটেলগুলো সক্রিয় বা তাজা কি না, তা পরীক্ষা করার জন্য বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট করুন