মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের পক্ষে প্রশাসকের কাছে কোনো ধরনের তদবির না করতে রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিএনপি, জামায়াত কিংবা অন্য যে দলেরই হোন না কেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের রক্ষায় কেউ তদবির করবেন না। এ বিষয়ে প্রশাসনের অবস্থান স্পষ্ট থাকা উচিত।একই সঙ্গে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের শান্তি, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সব হত্যাকান্ডের বিচার নিশ্চিত করতে আমরা অতন্দ্র প্রহনীর মতো জেগে থাকব।
শুক্রবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামে সুদীন্দ্রনাথ ঘোষ (মানু) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশের মানুষ আওয়ামী লীগ ও রক্ষীবাহিনীর সন্ত্রাস দেখেছে। ওই সময়ে জাসদের ৩০ হাজার নেতাকর্মীকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। ১৯৭২ সালের ৩১ অক্টোবর কেরানীগঞ্জের সিদ্দিক মাস্টারকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে বাংলাদেশের প্রথম গুমের ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি। এ ছাড়া সিরাজ সিকদারকে দেশের প্রথম বিচার বহির্ভূত হত্যাকান্ডের শিকার উল্লেখ করে তৎকালীন সরকারের ভূমিকার সমালোচনা করেন।
বিগত ১৬-১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ওই সময়ে তাঁদের প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করা হয়েছে, ৬০০ জনকে গুম করা হয়েছে। প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দেওয়া হয়েছে এবং তাঁদের বাড়িঘর থেকে বিচ্ছিন্ন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।২০২৪ সালের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যাকান্ডের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ওই সময়ে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। মাত্র ২০ দিনে ২০ হাজার মানুষ পগুত্ব বরণ করেছেন বলেও তিনি দাবি করেন। তাঁদের কেউ হাত,কেউ পা, আবার কেউ চোখ হারিয়েছেন। অনেকে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।
এত হত্যাকান্ড ও নির্যাতনের পরও কেউ কেউ বাংলাদেশকে হুমকি দেওয়ার চেষ্টা করছে। গোপালগঞ্জের লোকজনকে দিয়ে সন্ত্রাসী কর্মকান্ড চালানোর অভিযোগও করেন তিনি। তবে এসব করে কোনো লাভ হবে না বলে হুঁশিয়ারি দেন।মোটর সাইকেলে এসে বোমা ছুড়ে পালিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটিয়ে কেউ পার পেয়ে যাবে, এমনটি ভাবার কারণ নেই উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মী, প্রশাসন ও বিরোধী দলের নেতাকর্মীরা এসব ঘটনা নীরবে দেখবেন না। সবারই বাড়িঘর ও চলাচলের পথ সম্পর্কে জানা আছে। তাই অতীতে ক্ষমতায় থেকে যেভাবে হত্যাকান্ড চালানো হয়েছে, সেই দুঃস্বপ্ন আর দেখার চেষ্টা করবেন না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, প্রধান মন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হাসান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা পুলিশ সুপার আশিস বিন হাসান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।