Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ২৯, ২০২৬ , ৯:১৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৮, ২০২৬ , ৩:০৮ অপরাহ্ণ

সোনাতলায় সাবেক আ.লীগ নেতার বিরুদ্ধে হয়রানির অভিযোগ, অস্বীকার তাজুলের

লেখকঃ বগুড়া প্রতিনিধি

বগুড়ার সোনাতলা উপজেলায় সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পল্লী চিকিৎসক মো. তাজুল ইসলাম (ডা. কানদুরো) (৫৫)-এর বিরুদ্ধে স্থানীয়দের হয়রানির অভিযোগ উঠেছে। তিনি দক্ষিণ চরপাড়া এলাকার মৃত নকিবর মণ্ডলের ছেলে।

এলাকার একাধিক সূত্র জানায়, মো. তাজুল ইসলাম (ডা. কানদুরো) নব্য বিএনপির কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে সালিশ-বৈঠকের নামে অর্থ আদায় করছেন। অভিযোগ রয়েছে, অর্থ না পেলে তিনি বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়ান।

স্থানীয় সূত্র ও কয়েকজন বিএনপি নেতার দাবি, অতীতে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করতেন তাজুল ইসলাম। রাজনৈতিক পটপরিবর্তনের পর অবস্থান বদলে তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সখ্য গড়ে তুলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিএনপি নেতা বলেন, একসময় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকলেও বর্তমানে কিছু নেতার ছত্রচ্ছায়ায় তিনি এলাকায় প্রভাব ধরে রাখার চেষ্টা করছেন। অভ্যন্তরীণ দ্বন্দ্বের আশঙ্কায় অনেকে প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মো. তাজুল ইসলাম। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘একসময় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম, তবে এখন আর রাজনীতি করি না।’ আনুষ্ঠানিক পদত্যাগ করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, পদত্যাগ না করলেও শারীরিক অসুস্থতার কারণে রাজনীতি থেকে দূরে রয়েছেন এবং নিজের মতো করে চলাফেরা করছেন। কারও ওপর হয়রানি বা কোনো অস্থিতিশীল কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও নাকচ করেন তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জু মাস্টারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়ায় তাঁর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রিন্ট করুন