Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ২৮, ২০২৬ , ৯:০৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৭, ২০২৬ , ১২:৩১ অপরাহ্ণ

কুয়াকাটায় নারী ও কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা

লেখকঃ কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা:

নারী ও কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুয়াকাটায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিঁড়ি সংস্থার উদ্যোগে এবং বাদাবন সংঘের সহযোগিতায় নারী ও কিশোরীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনব্যাপী সক্রিয়তা পক্ষ (১৬ Days of Activism Against Gender-Based Violence) উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১০টায় কুয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ২২ জন শিশু অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সহকারী শিক্ষিকারা শিশুদের আঁকা ছবি মূল্যায়ন করেন। পরে বিজয়ী ও অংশগ্রহণকারী সব শিশুর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অন্যদিকে, একই দিন বিকেলে পাঞ্জুপাড়ায় কুয়াকাটা সমুদ্রসৈকত-সংলগ্ন এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিঁড়ি সংস্থার নির্বাহী পরিচালক অ্যাডভোকেট চান চানের সভাপতিত্বে সভায় সংস্থার ফিশনেট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে আত্মসহায়ক দলের ৩০ জন সদস্য অংশ নেন।

আলোচনা সভায় নারী ও কিশোরীর প্রতি সহিংসতার বিভিন্ন দিক, এর সামাজিক প্রভাব এবং প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সঠিক উত্তরদাতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শিশুদের মধ্যে সচেতনতা, সৃজনশীলতা ও ইতিবাচক মনোভাব গড়ে তোলার পাশাপাশি নারী ও কিশোরীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করাই এসব কর্মসূচির মূল লক্ষ্য। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এ ১৬ দিনব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে।

প্রিন্ট করুন