“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় ডোমার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে ফিতা কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।
আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এফএ মোস্তাছিন বিল্লাহর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফজলুল করিম।
এতে অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রবিউল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মামুন অর-রশিদ, ভেটেরিনারি সার্জন ডা. জাকিরুল ইসলাম ও সফল খামারি মোজাফ্ফর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে ডিম, দুধ ও মাংস উৎপাদনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাতের সম্ভাবনা রয়েছে। তাই আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপালন এবং খামারিদের প্রশিক্ষণের মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
তাঁরা আরও বলেন, প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করতে সরকারি-বেসরকারি উদ্যোগ এবং খামারিদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।