ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকের অ্যাপ্রোন পরে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে কনা আক্তার শান্তা (২২) নামে এক নারীকে আটক করেছেন আনসার সদস্যরা। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাত ৩টার দিকে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করা হয়।
ঢামেক হাসপাতালে দায়িত্ব পালনরত আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, নিয়মিত টহলের সময় আনসার সদস্যরা ওই নারীকে চিকিৎসকের অ্যাপ্রোন পরে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় ঘোরাফেরা করতে দেখেন। তার আচরণ ও চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের ডেকে তাকে শনাক্ত করার চেষ্টা করা হলেও কেউ তাকে চিনতে পারেননি।
তিনি জানান, এরপর ওই নারীকে হাসপাতালের প্রশাসনিক ব্লকে পরিচালকের কক্ষে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে পরিচালক ও উপপরিচালকের পরামর্শক্রমে তাকে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আনসার সদস্যরা ওই নারীকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। পরে শাহবাগ থানা পুলিশকে অবহিত করা হলে তাদের কাছে তাকে হস্তান্তর করা হয়।
আটক কনা আক্তার শান্তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার বলতুলিয়া এলাকায়। তিনি ওই এলাকার কাদের শিকদারের মেয়ে।