Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬ , ৯:২৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৬, ২০২৬ , ২:৩৩ অপরাহ্ণ

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে দেড় কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক

লেখকঃ ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে দেড় কেজি ভারতীয় গাঁজা ও একটি মোটরসাইকেলসহ নারায়ণ চন্দ্র (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গোড়কমণ্ডল এলাকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধীন গোড়কমণ্ডল বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় আকস্মিক চেকপোস্ট স্থাপন করে বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা ও মোটরসাইকেলসহ তাঁকে আটক করা হয়।

আটক নারায়ণ চন্দ্র উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের বিশ্বনাথের ছেলে। জব্দ করা গাঁজা ও মোটরসাইকেলের মোট আনুমানিক মূল্য ৮৫ হাজার ২৫০ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন