Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬ , ২:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৬, ২০২৬ , ১০:০২ পূর্বাহ্ণ

শিবচরে বিএনপির যৌথসভা: ২৯ ও ৩০ নভেম্বর রাজপথে থাকার আহ্বান

লেখকঃ মোঃখান ই আজম, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদ এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় শিবচর পৌর অডিটোরিয়ামে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান। প্রধান বক্তা ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট জাফর আলী মিয়া।

এ সময় শিবচর থানা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান ও সদস্যসচিব সোহেল রানাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহান্দার আলী জাহান বলেন, ‘শেখ হাসিনা আর বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারবেন না।’ তিনি আগামী ২৯ ও ৩০ নভেম্বর ঘোষিত কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান। পাশাপাশি অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

শিবচর থানা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করতে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সদস্যসচিব সোহেল রানা বলেন, ভবিষ্যতে শিবচর থানা বিএনপির কমিটি গঠনের ক্ষেত্রে যারা রাজপথে সক্রিয় থাকবেন, সাংগঠনিক কর্মকাণ্ডে দক্ষতার পরিচয় দেবেন এবং চলমান কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, তাদের মূল্যায়ন করে কমিটিতে স্থান দেওয়া হবে।

সভায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রিন্ট করুন