বরিশাল মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজিব বেপারি (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দিকনির্দেশনায় এবং কোতোয়ালি মডেল থানার তত্ত্বাবধানে বগুড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে নগরীর মরকখোলা পোলের দক্ষিণ পাশে, খান জাহানিয়া মসজিদের বিপরীত পাশে পাকা সড়ক থেকে রাজিব বেপারিকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক রাজিব বেপারি (৩২) বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন দক্ষিণ পলাশপুরের ৫ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার বাসিন্দা। তিনি আ. রব বেপারি ও মোসা. শাহানারা বেগমের সন্তান।
এ ঘটনায় বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মাহফুজুর হাসান বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি