নওগাঁর মান্দায় সেবা দিতে গিয়ে দরকষাকষি করে ঘুষ নেয়ার অভিযোগে এক ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ককে শোকজ করা হয়েছে। তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়ে ঘুষ লেনদেনের অভিযোগের একটি ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই ব্যবস্থা নেয়া হয়।
কারণ দর্শানোর নোটিশ পাওয়া কর্মচারী হলেন মান্দা উপজেলার প্রসাদপুর কাঁশোপাড়া ইউনিয়ন ভুমি অফিসের অফিস সহায়ক রিনা পারভীন। তাকে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোনাবিল নওরোজ বৈশাখ।
বুধবার (২৫ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি)নাবিল নওরোজ বৈশাখের সই করা এক আদেশে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে জবাব দিতে বলে নির্দেশ দেয়া হয়।
মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোনাবিল নওরোজ বৈশাখ শোকজের বিষয়টি নিশ্চিত করে বলেন, অনৈতিকভাবে ঘুষ গ্রহণের অভিযোগে রিনা পারভীনকে শোকজ করা হয়েছে। অভিযোগের বিষয়ে তাকে জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত (২৪)নভেম্বর মঙ্গলবার প্রসাদপুর কাঁশোপাড়া ইউনিয়ন ভুমি অফিসে সেবা নিতে আসা উপজেলার চককোপা মৌজার জামিনুর নামে এক সেবা গ্রহীতার কাছ থেকে রিনা পারভীনের বিরুদ্ধে অবৈধভাবে ঘুষ নেয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে ভিডিও প্রকাশিত হয়। পরে নগদ ৫০০ টাকার নোট লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়লে ঘটনার পর সহকারী কমিশনার (ভূমি) অভিযুক্ত কর্মচারী রিনা পারভীনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
অভিযোগকারী চককোপা মৌজার আবুল কাশেমের ছেলে জামিনুর (৩২)জানান প্রসাদপুর কাঁশোপাড়া ভুমি অফিসের রিনা পারভীনকে শোকজ করেছে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানতে পারি।তবে ঘুষ গ্রহণ করা সেই কর্মচারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করে ঝামেলায় জরিয়ে বিপদে পড়তে চাননা তিনি।
অন্যদিকে, অভিযুক্ত কর্মচারী রিনা পারভীন শোকজের আদেশ পাওয়ার বিষয়টি স্বীকার করেলেও অফিস আদেশ অনুযায়ী তিনি আগামী ৭ কর্ম দিবসের মধ্যে শোকজের জবাব দিবেন কিনা প্রশ্নে পরে কথা বলি বলে কল কেটে দেন পরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কল রিসিভ হয়নি।