আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে প্রতিবাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার ৪ নম্বর পারইল ইউনিয়নের পালশা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় পারইল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁদের পছন্দের চেয়ারম্যান পদপ্রত্যাশীদের সঙ্গে নিয়ে দলে দলে অংশগ্রহণ করেন। আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচন এবং তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়ার বিষয়টি সভায় বিশেষ গুরুত্ব পায়।
পারইল ইউনিয়ন বিএনপির সভাপতি এচাহক আলীর সভাপতিত্বে এবং রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ এছাহক আলী ও সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজাউল ইসলাম রেজু বলেন, আগামী ইউপি নির্বাচনে দলীয় একক প্রার্থী বাছাইয়ের জন্য উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। কমিটির সদস্যরা প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে গভীর বিচার-বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন। এ ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না। যোগ্য ও উপযুক্ত ব্যক্তিকেই দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হবে।
তিনি আরও বলেন, প্রার্থী বাছাইয়ের ওই কমিটিতে তিনি নিজে থাকবেন না; তবে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। উপজেলা কমিটির পাঠানো তথ্য জেলা বিএনপির নেতৃবৃন্দ যাচাই-বাছাই করবেন। পরবর্তী সময়ে কেন্দ্রীয় বিএনপির অনুমোদন সাপেক্ষে চূড়ান্তভাবে দলীয় চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করা হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দল যাঁকে মনোনয়ন দেবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।
এসময় পারইল ইউনিয়নে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী আটজন চেয়ারম্যান পদপ্রার্থী—আব্দুস সালাম, জাহিদুর রহমান, জয়নাল আবেদীন বিপ্লব, সাইফুল ইসলাম, মশিউর রহমান টুকু, এচাহক আলী, ডক্টর নুর মোহাম্মদ ও এনামুল হক রানা বক্তব্য দেন। তাঁরা প্রত্যেকে নিজেদের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়, দলের জন্য অবদান এবং দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে তাঁদের পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় মনোনয়নপ্রত্যাশী প্রত্যেকেই উপস্থিত নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন, দল যাঁকে যোগ্য মনে করে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে, তাঁরা সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করবেন।
সভায় উপস্থিত ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একাংশ বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় থেকে প্রভাব-প্রতিপত্তি বিস্তারকারী এবং দুঃসময়ে দলীয় নেতাকর্মীদের খোঁজখবর না নেওয়া ব্যক্তিদের দলীয় মনোনয়ন না দেওয়ার দাবি জানান। তাঁদের অভিযোগ, বিগত সময়ে অনেকে ক্ষমতার প্রভাব কাজে লাগিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেও পরবর্তী সময়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেননি। বরং ব্যক্তিগত ক্ষমতা ও সম্পদ গড়ে তোলার দিকেই বেশি মনোযোগী ছিলেন। নেতাকর্মীরা আরও বলেন, আসন্ন ইউপি নির্বাচনে তৃণমূলের মতামত ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে দলীয় প্রার্থী নির্বাচন করতে হবে। অন্যথায় দলের ভেতরে অসন্তোষ ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলফারুক জেমস, সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, সহ-সভাপতি রোকনুজ্জামান খান রুকু ও প্রফেসর জাকির হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খান লুলু, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম ও ফরহাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্যসচিব মাহামুদ হাসান বেলাল, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগমসহ পারইল ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।