নওগাঁর বদলগাছীতে দীর্ঘদিনের প্রত্যাশিত মিঠাপুর-তাজপুর গ্রামীণ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সড়কটির নির্মাণ কাজ শেষ হলে স্থানীয়দের যাতায়াত দুর্ভোগ কমার পাশাপাশি উন্নত হবে এলাকার যোগাযোগ ব্যবস্থা।
মঙ্গলবার বিকেলে মিঠাপুর দই ভান্ডার থেকে তাজপুর ফুলমিয়ার বাড়ি পর্যন্ত সড়কের ৬০০ থেকে ৮৫০ মিটার অংশের নির্মাণ কাজের ফলক উন্মোচনের মধ্য দিয়ে উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক অবকাঠামো নির্মাণকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বদলগাছী উপজেলা এলজিইডির তত্ত্বাবধানে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে শুরু হয়েছে সড়কটির এই অংশের নির্মাণ কাজ। পর্যায়ক্রমে নির্মাণ করা হবে ১ হাজার ৩৫০ মিটার দীর্ঘ পুরো সড়কটি।
সড়কটি নির্মিত হলে স্থানীয়দের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে প্রত্যাশা এলাকাবাসীর।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান সনি, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি মহিউদ্দিন আলমগীর, যুবদল নেতা রাজ্জাকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।