লক্ষ্মীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের চোখ উপড়ে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটওয়ারীর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে আদালতে হাজির করা আসামিদের কারাগারে নেওয়ার জন্য প্রিজনভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে।
আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী জানান, জামিন শুনানির জন্য ১৭ জন আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। শুনানি শেষে তাঁদের কারাগারে নেওয়ার সময় প্রিজনভ্যানে ওঠার মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন।
এ সময় মনিরুজ্জামান পাটওয়ারী প্রিজনভ্যান থেকে দুই আঙুল দেখিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের চোখ উপড়ে ফেলার হুমকি দেন বলে অভিযোগ করেন এপিপি শাকিল পাটওয়ারী। এ ঘটনায় আদালত প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মনিরুজ্জামান পাটওয়ারী ও লক্ষ্মীপুর পৌর কৃষক লীগের সভাপতি রাজু আহমেদকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক মো. ওমর ফারুক মনিরুজ্জামান পাটওয়ারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রাজু আহমেদের জামিন মঞ্জুর করেন।
এ ছাড়া চন্দ্রগঞ্জ থানায় দায়ের করা বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ১৫ নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়। তাঁদেরও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
ঘটনার প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও আইনজীবী অ্যাডভোকেট মহসিন কবির স্বপন বক্তব্য দেন। তিনি আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আদালত প্রাঙ্গণে এ ধরনের হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আদালত প্রাঙ্গণে আইনজীবীদের হুমকির অভিযোগকে কেন্দ্র করে বিচারাঙ্গনের নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, আদালতের মতো গুরুত্বপূর্ণ স্থানে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত জরুরি।