Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬ , ৩:০১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৪, ২০২৬ , ২:৪০ অপরাহ্ণ

মুক্তাগাছায় ১৩ বছরের কিশোরী জাকিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

লেখকঃ মোঃ আমিনূর ইসলাম রাব্বি, ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের মুক্তাগাছায় ১৩ বছর বয়সী কিশোরী জাকিয়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে মোঃ আকিবুল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মুক্তাগাছা থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে নানার বাড়ি থেকে নিখোঁজ হয় কিশোরী জাকিয়া। পরদিন ১৮ নভেম্বর সকাল ১১টার দিকে উপজেলার দাওগাঁও নামাপাড়া এলাকার খালপাড়ে একটি ফিশারির পাশে ধানক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার গলায় ওড়না পেঁচানো ছিল এবং মরদেহটি দুটি কলাগাছ দিয়ে ঢাকা ছিল।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ হত্যার রহস্য উদঘাটনে তদন্ত ও অভিযান শুরু করে।

তদন্তের একপর্যায়ে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে মোঃ আকিবুলের সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ। পরে গত ২৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআই মাসুম বিল্লার নেতৃত্বে পুলিশের একটি দল দাওগাঁও ইউনিয়নের পোড়াবাড়ী এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিবুল কিশোরী জাকিয়াকে ঘটনাস্থলে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে। আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি প্রকাশ করায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি লিপিবদ্ধের আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন