লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইমন হোসেন নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি পালিয়ে যান।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মণ্ডলতলী বাজারসংলগ্ন কেরোয়া গ্রামীণ ব্যাংক শাখার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আটক ইমন হোসেন উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের খোকা আমিনের ছেলে। স্থানীয় সূত্রের দাবি, তিনি কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে কয়েকজন যুবক গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় অগ্নিসংযোগের দৃশ্য ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, এক যুবক ফটকে পেট্রোল ঢেলে আগুন লাগাচ্ছেন। অপর এক যুবক পাশের সড়ক থেকে ঘটনাটি ভিডিও ধারণ করছেন।
অগ্নিসংযোগের পর ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে ইমন হোসেনকে আটক করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্য দুই ব্যক্তি পালিয়ে যান।
এদিকে ব্যাংকের ফটক থেকে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে আটক ইমন হোসেনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তবে গ্রামীণ ব্যাংকের ফটকে অগ্নিসংযোগের সুনির্দিষ্ট কারণ, পালিয়ে যাওয়া দুই ব্যক্তির পরিচয় এবং ঘটনার পেছনে অন্য কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়ার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
আজকালের কন্ঠ/আর বি