Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬ , ৭:৩৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৩, ২০২৬ , ৭:২১ অপরাহ্ণ

ধোবাউড়ায় দুই ভাই গ্রেপ্তার, ৪ লাখ টাকার ভারতীয় মদ-বিয়ার উদ্ধার

লেখকঃ মোঃ আমিনূর ইসলাম রাব্বি, ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের বসতবাড়ি থেকে ৯৬ বোতল ভারতীয় মদ ও ৬ বোতল ভারতীয় বিয়ারসহ মোট ১০২ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২ হাজার টাকা।

সোমবার (২৩ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার ১ নম্বর দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভেদীকুড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-ওই গ্রামের আব্দুল খালেক ও ঝর্না খাতুনের ছেলে আজিজুল হক (২৩) ও হাবিল (২৮)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় আজিজুল হকের বসতঘরের মাচার নিচে আটটি বস্তায় রাখা ৮০ বোতল এবং হাবিলের বসতঘরের সামনের লাকড়ির নিচে দুটি বস্তায় রাখা ১৬ বোতল ভারতীয় ICONIQ WHITE মদ উদ্ধার করা হয়।

এছাড়া হাবিলের দেখানো মতে একটি বস্তা থেকে ৬ বোতল KINGFISHER STRONG SUPER PREMIUM BEER উদ্ধার করা হয়। অভিযানে এসআই হারুন, এসআই আজিজুল হাসানসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ধোবাউড়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের আদালতে সোপর্দ করার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

ময়মনসিংহ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন