Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬ , ৭:২৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৩, ২০২৬ , ৬:৪৫ অপরাহ্ণ

পূর্বধলায় অবৈধ বালু উত্তোলন, ৪০০ ঘনফুট বালু জব্দ করল প্রশাসন

লেখকঃ মোঃ কামরান হোসেন, পূর্বধলা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় নদীর তীর থেকে তোলা অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ৪০০ ঘনফুট বালু জব্দ করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) উপজেলার জারিয়া ইউনিয়নের নাটোরকোনা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম।

প্রশাসন সূত্রে জানা যায়, নদীর পাড়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে — এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় জব্দকৃত বালুর মালিক দাবি করার মতো কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

অভিযানে জারিয়া ইউনিয়ন পরিষদের সচিব জুয়েল সরকার এবং ১ নম্বর ওয়ার্ডের সদস্য আরশাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। মালিককে না পাওয়ায় নিয়ম অনুযায়ী জব্দকৃত বালু নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, নদীর তীর ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন