কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২২ নভেম্বর ২০২৬) বিকাল ৩টায় আলীকদম উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরির নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের বিএনপি প্রেমী মানুষ এবং দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিকাল ৩টায় আলীকদম চৌমুহনী চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সড়ক ও আলীকদম বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আবুল কালাম। বান্দরবান জেলা বিএনপির সদস্য ও জেলা পরিষদের সদস্য মংক্যনু মার্মা। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.রিটন। উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনছার আহমদ। বিএনপির নেতা ও ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম মুনু। উপজেলা কৃষক দলের সভাপতি শাহাবুদ্দীন। স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আবুল বশর। শ্রমিক দলের আহবায়ক মো.সুরুত আলম ও যুবদল নেতা মোস্তফা কামাল প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা দেশব্যাপী সংঘটিত অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
আজকালের কন্ঠ/আর বি