জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এসব কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
তিনি বলেন, নিজেদের মধ্যে যতই ভুল বোঝাবুঝি থাকুক না কেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ। জুলাই বিপ্লবের সময় সংঘটিত হামলা ও হত্যাকাণ্ডের কথা মানুষ ভুলে যায়নি। শিশু, নারী ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ওপর হামলার ঘটনাও মানুষের মনে রয়েছে।
দুলু অভিযোগ করেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা দেশে থাকা দলীয় নেতাকর্মীদের অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টিতে উৎসাহিত করছেন। এর মাধ্যমে দেশের সম্পদ ধ্বংস করে দেশকে অকার্যকর প্রমাণের চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের মানুষ এসব কর্মকাণ্ড সম্পর্কে সজাগ রয়েছে এবং নতুন করে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে তার জবাব দিতে প্রস্তুত।
রোববার বিকেলে সারা দেশে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নাটোর জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে শহরের কানাইখালী পুরাতন বাস টার্মিনালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ স্থানীয় নেতারা।
এর আগে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কানাইখালী পুরাতন বাস টার্মিনালে গিয়ে সমাবেশে মিলিত হয়।
আজকালের কন্ঠ/আর বি