Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ২২, ২০২৬ , ৬:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২২, ২০২৬ , ৫:৫২ অপরাহ্ণ

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ, পালাল চালক

লেখকঃ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানের সময় নসিমন থেকে দুটি সাদা বস্তা ফেলে পালিয়েছেন চালক। পরে বস্তা দুটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) সকালে ভূরুঙ্গামারী থানা-পুলিশ এ তথ্য জানায়। এর আগে শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত টহলের অংশ হিসেবে ওই এলাকায় ফুট পেট্রোল পরিচালনা করছিল পুলিশের একটি দল। এ সময় কুড়িগ্রামগামী দ্রুতগতির একটি ইঞ্জিনচালিত নসিমনকে থামার সংকেত দেওয়া হয়। তবে সংকেত অমান্য করে নসিমন থেকে দুটি সাদা বস্তা ফেলে পালিয়ে যান চালক। পরে বস্তা দুটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, সীমান্ত দিয়ে চোরাই পথে ভারত থেকে এসব অলিভ অয়েল এনে ঢাকায় নেওয়া হচ্ছিল। জব্দ করা মালামাল সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে থানায় জমা রাখা হয়েছে। চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও পণ্যের মালিকানা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ ও সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন জানান, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে নিয়মিত চেকপোস্ট ও ফুট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, জুয়া ও চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন