পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার শ. ম. রেজাউল করিমের দুটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় অবস্থিত তার গ্রামের বাড়ি এবং নাজিরপুর উপজেলা সদরের বাড়িতে এই হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল প্রথমে তারাবুনিয়া এলাকায় শ.ম. রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। এর আধা ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরে অবস্থিত তার অপর বাড়িটিতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং বিভিন্ন সরকারি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ চলছিল। বিক্ষোভের একপর্যায়ে উত্তেজিত জনতা তার বাড়ি দুটিতে হামলা চালায়। তবে এই ঘটনায় বাড়িগুলোর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
হামলার বিষয়ে জানতে চাইলে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “সাবেক মন্ত্রী শ. ম. রেজাউল করিমের বাড়িতে হামলার বিষয়ে আমাদের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য আসেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। বিস্তারিত খোঁজখবর নিয়ে পরবর্তী সময়ে জানানো হবে।”
আজকালের কন্ঠ/আর বি