Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬ , ১২:২৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৯, ২০২৬ , ১১:৫১ পূর্বাহ্ণ

ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য খাতে পরিবর্তনের প্রত্যাশা, নতুন বিভাগীয় পরিচালক ডা. জাকিউল ইসলাম

লেখকঃ মোঃ আমিনূর ইসলাম রাব্বি, ময়মনসিংহ ব্যুরো

মমেক হাসপাতালের চিকিৎসাসেবা ও স্বাস্থ্য প্রশাসনের সংকট নিরসনে নতুন নেতৃত্বের কাছে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার দাবি। ময়মনসিংহ বিভাগের নতুন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. জাকিউল ইসলাম। তিনি আগের বিভাগীয় পরিচালক ডা. প্রদীপ কুমার সাহার স্থলাভিষিক্ত হচ্ছেন। একই সঙ্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে। নতুন এ নেতৃত্বকে ঘিরে বিভাগের স্বাস্থ্যসেবা খাতে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছেন সাধারণ মানুষ।

রোববার (১৫ নভেম্বর ২০২৬) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব আশ্রাফ আহমেদ রাসেল স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. মো. জাকিউল ইসলাম বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও ইনসিটু উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁকে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, একই হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. শেখ আলী রেজা সিদ্দিকীকে হাসপাতালটির উপপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে, ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য খাতের বিদ্যমান নানা সমস্যা ও চিকিৎসাসেবার মান নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ, চিকিৎসাসেবার মান, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও জনবলসংকট, ওষুধ সরবরাহ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে নানা প্রত্যাশা ও প্রশ্ন রয়েছে সেবাগ্রহীতাদের।

বিভাগের অন্যতম বৃহৎ সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা, রোগীদের ভোগান্তি কমানো, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জবাবদিহি বৃদ্ধি এবং হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

এমন পরিস্থিতিতে নতুন বিভাগীয় পরিচালক হিসেবে ডা. মো. জাকিউল ইসলামের কাছে ময়মনসিংহ বিভাগের মানুষের প্রত্যাশা অনেক। তাঁরা আশা করছেন, তিনি জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বাস্থ্য বিভাগের অনিয়ম, অব্যবস্থাপনা ও সেবার মানসংক্রান্ত সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। পাশাপাশি সরকারি স্বাস্থ্যসেবার পরিধি ও মান উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রাখবেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের দক্ষতা, আন্তরিকতা ও কার্যকর তদারকির মাধ্যমে ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্যসেবা খাতে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষ সরকারি হাসপাতালে হয়রানিমুক্ত, মানসম্মত ও সহজলভ্য চিকিৎসাসেবা পাবেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন