বরিশালের গৌরনদীতে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাঁশের চেরা বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। একই দিন সন্ধ্যায় মহাসড়কের অন্য একটি স্থানে গাছের গুঁড়ি ফেলে তাতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরপর এ ধরনের ঘটনায় মহাসড়ক-সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ফকিরবাড়ি এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এরপর রাত ৭টার দিকে উপজেলার বাটাজোর বাইচখোলা এলাকায় মহাসড়কের পাশে থামিয়ে রাখা বাঁশের চেরা বোঝাই একটি ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। বোমা নিক্ষেপের পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এতে ট্রাকটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল।
এদিকে, ১৯ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক লকডাউন কর্মসূচি সফল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো ধরনের কার্যক্রম এবং জনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মসূচির বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।