কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। তিনি বলেছেন, ‘আপনারা এখনই এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে না এলে এমন ডোজ দেব, যাতে কৃমিও মরবে, সঙ্গে আপনারাও মরবেন।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সচেতন শিক্ষকবৃন্দের ব্যানারে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
উপাচার্য বলেন, ‘আপনারা বন্দুকের নলের মুখে এসে বলছেন, আপনাদের গুলি করতে। কিন্তু সরকার যথেষ্ট সহনশীলতা দেখিয়ে ধৈর্য ধারণ করছে। এটাকে দুর্বলতা ভাবলে ভুল করবেন।’
তিনি আরও বলেন, পালিয়ে যাওয়া নেত্রীর দেশে ফিরে আসার কোনো সুযোগ বা সম্ভাবনা নেই। অতীতে আওয়ামী লীগের পক্ষ থেকে সরকার পতনের পর এক রাতে পাঁচ লাখ মানুষ মারা যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হলেও বাস্তবে তেমন কিছু ঘটেনি। শান্তিপ্রিয় গণতান্ত্রিক সরকারকে এমন পরিস্থিতিতে ঠেলে দেওয়ার চেষ্টা না করতেও তিনি সতর্ক করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, বিএম অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ জামাল হোসেন।
সমাবেশটি সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো।