Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬ , ৫:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৭, ২০২৬ , ৪:৫০ অপরাহ্ণ

নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

লেখকঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

ফ্যাসিবাদী অপশক্তির নৈরাজ্য, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে এসব অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

১৭ ডিসেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।

ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, বিএএম অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. এ কে এম মোস্তফা আনোয়ার।

এ ছাড়া বক্তব্য দেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মো. মাহফুজুর রহমান সবুজ, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ, কর্মচারী মো. কালাম শরীফ, মো. মাহবুবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, সারা দেশে যেভাবে পরিকল্পিত নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাস চালানো হচ্ছে, তা কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে কাম্য হতে পারে না। মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে কখনোই দেশের কল্যাণ নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, দেশে অস্থিতিশীলতা ও অগ্নিসন্ত্রাসের মতো বর্বরতা চলতে থাকলে শিক্ষাব্যবস্থা, অর্থনীতি এবং আগামীর সম্ভাবনা হুমকির মুখে পড়বে। যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এবং দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন