Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬ , ৬:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৬, ২০২৬ , ৬:২০ অপরাহ্ণ

খানসামায় কুয়াশা ও হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা

লেখকঃ রব্বানী, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলায় শীতের আগমনী বার্তা পেরিয়ে এবার জেঁকে বসতে শুরু করেছে শীত। আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেশ ভালোভাবেই অনুভূত হচ্ছে। আজকের দিনে বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রায় ৬৬% এবং তাপমাত্রা সর্বোচ্চ ২৯° থেকে সর্বনিম্ন ১৭° সেলসিয়াসের মধ্যে রয়েছে।

​গত কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে শুরু করায় রাতের বেলা শীতের আমেজ তৈরি হচ্ছিল। তবে আজ ভোরের দিকে চারপাশ হালকা কুয়াশায় ঢেকে যায় এবং সকালের দিকে ঠান্ডা বাতাস বইতে থাকায় সাধারণ মানুষ শীতের পোশাক গায়ে জড়াতে বাধ্য হয়েছেন। বিশেষ করে ভোরের দিকে ঘর থেকে বের হওয়া দিনমজুর, রিকশাচালক ও শ্রমজীবী মানুষদের কিছুটা ঠান্ডায় পড়তে দেখা গেছে।

​আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উত্তরের হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাসের প্রভাব এবং শীত মৌসুমের স্বাভাবিক পরিবর্তনের ফলেই ক্রমান্বয়ে তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী দিনগুলোতে কুয়াশার পরিমাণ আরও বাড়তে পারে এবং শীতের তীব্রতা আরও জোরদার হতে পারে।

​এদিকে শীতের এই শুরুতে উপজেলার বিভিন্ন হাট-বাজারে জমে উঠেছে গরম কাপড়ের দোকান। শীতের প্রথম বার্তা পেয়ে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষরা কম দামে গরমের কাপড় কিনতে ভিড় করছেন ফুটপাতের দোকানগুলোতে। পাশাপাশি, সকালের সোনালী রোদে বসে শীত উপভোগ করতে দেখা গেছে বয়স্ক ও শিশুদের।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন