ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছে ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক। তাঁর পরিবারের সহায়তায় ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
সোমবার সকালে ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে মুকুলের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ জেলা পরিষদের কর্মকর্তা ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।রেজওয়ান ইসলাম মুকুলের ছেলে সাজিদ হাসান রিয়ানের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা পরিষদের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।এর আগে সাবেক ছাত্রদল নেতা মুকুলের ইজিবাইক চালিয়ে সংসার চালানোর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি জেলা বিএনপি ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের নজরে এলে তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
স্কুল জীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন রেজওয়ান ইসলাম মুকুল। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। তবে সময়ের ব্যবধানে রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ হয়েও জীবিকার তাগিদে বেছে নিতে হয়েছে ইজিবাইক চালানোর পেশা। পরিবারের খরচ মেটাতে এখন প্রতিদিন ইজিবাইক চালিয়ে উপার্জন করছেন তিনি। মুকুল কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামের মহর আলী মন্ডলের ছেলে।রেজওয়ান ইসলাম মুকুল বলেন, একসময় ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থেকে সংগঠনের দায়িত্ব পালন করেছি। কিন্তু বর্তমানে পরিবারের ভরন পোষণের জন্য ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছি। জেলা পরিষদের পক্ষ থেকে এই সহায়তা পেয়ে আমি কৃতজ্ঞ। এ সহায়তা আমার পরিবারের জন্য অনেক উপকারে আসবে।
জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, রেজওয়ান ইসলাম মুকুল একসময় ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি ইজিবাইক চালিয়ে সংসার চালাচ্ছেন বিষয়টি জানার পর তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অসহায় ও বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি